২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর বিরুদ্ধে অন্তত ৭৫০টি যৌন হয়রানির অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের তথ্য অনুযায়ী এই খবর জানায় স্কাই নিউজ।
মূলত গত মার্চে সারা এভেরার্ড নামের এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক পুলিশ অফিসার গ্রেপ্তার হওয়ার পর থেকেই এসব অভিযোগ সামনে আসতে শুরু করে। ধর্ষণ, যৌন হেনস্থা, শিশু নিগ্রহের মত ঘটনায় প্রায় দুই হাজার পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
গত চার বছর ধরে ব্রিটিশ পুলিশের অনেক কর্মকর্তা এ ধরনের অপরাধ করছেন বলে শোনা যাচ্ছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাজ্যে।
ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্টের এর তথ্য বলছে, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ৩৭০টি যৌন হেনস্থা, ১০০টি ধর্ষণ ও ১৮টি শিশু নিগ্রহের ঘটনায় জড়িত ছিল পুলিশ।
গত চার বছরে মাত্র ৩৪টি অভিযোগেই নির্দোষ প্রমাণিত হয়েছে পুলিশ সদস্যরা। আর বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ পাওয়া গেছে পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধে।
নারী অধিকার বিষয়ক সংস্থাগুলোর দাবি, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে রাজধানি লন্ডনসহ দেশটির বিভিন্ন প্রান্তে পুলিশের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছে।







































