আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের অনুসারী ইসলামিক স্টেট খোরাসানের (আইএসকে) আস্তানায় অভিযান চালিয়েছে তালেবান যোদ্ধারা। এ সময় উত্তরাঞ্চলে আইএসের একটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
রয়টার্স জানায়, বোববার গভীর রাতে কাবুলের উত্তরে তালেবান বাহিনী অভিযান চালায়। এতে বেশ কয়েকজন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এর আগে কাবুলে একটি মসজিদের বাইরে বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়। আগস্টের শেষে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, রোববার গভীর রাতে শহরের উত্তরে কাবুলের ১৭তম জেলায় তালেবানের একটি বিশেষ ইউনিট আইএসের বিরুদ্ধে অভিযান চালায়। যদিও এই অভিযান রোববারের হামলার জেরেই পরিচালিত কি না, তা জানায়নি তালেবান।
১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই স্থানীয় আইএস জঙ্গিদের সঙ্গে বিরোধে জড়ায় তালেবান। ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে আইএসকের আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ২০০ জন নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েক দিন বন্ধ ছিল কাবুল বিমানবন্দর।






























