করোনা পরিস্থিতির মোকাবেলায় ব্যর্থতার কারণে প্রতিদিনই ব্রাজিলে জোরালো হচ্ছে সরকারবিরোধী আন্দোলন। শনিবার দেশটির ১৬০টির বেশি শহরে প্রেসিডেন্ট জেইর বলসোনারোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়।
যদিও অনেক বিক্ষোভকারী দাবি করছেন ব্রাজিলে গণতন্ত্র ফিরিয়ে আনতেই আন্দোলনে নেমেছেন তারা। মূলত ব্রাজিলের বিরোধী দল ও শ্রমিক সংগঠনগুলো এই বিক্ষোভের আয়োজন করে। এসময় বলসোনারোর বিরুদ্ধে শ্লোগান দেওয়ার পাশাপাশি নানা প্রতীক নিয়ে বিক্ষোভ করেন তারা।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ব্রাজিলে করোনা সংক্রমণে ৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ অনিয়মের অভিযোগে জনমত জরিপেও গ্রহণযোগ্যতা হারাচ্ছে ক্ষমতাসীন দল।
২০১৯ সালের নির্বাচিত বলসোনারোর জনপ্রিয়তা এখন তলানিতে পৌঁছেছে। আর মহামারি পরিস্থিতিতে আরও ক্ষোভ বেড়েছে জনগণের। এ পর্যন্ত বলসোনারোর অভিশংসনের দাবিতে এক শতাধিক আবেদন জমা পড়েছে।







































