• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মমতা কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন?


দেওয়ান জামিলুর রহমান
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৪:৫২ পিএম
মমতা কি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে বিজেপির ভরাডুবির পরই নড়েচড়ে বসে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো। এদিকে নিজ আসন নন্দিগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ে তাঁর নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুললেও এবার ভবানিপুর উপনির্বাচনে জিতে সমালোচকদের মুখ বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মাধ্যমে আবারও জোড়ালো হয়েছে ২০২৪ সালের নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী পদে মমতার লড়াইয়ের গুঞ্জন। এ নিয়ে তৃণমূল নেতারা নানা ইঙ্গিত দিলেও, মমতা নিজে কিছুই জানাননি। যদিও বিশ্লেষকরা তিন দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের বিশ্লেষণ বলছে, ভারতের স্বাধীনতার পর শুধুমাত্র দুইজন বাঙালীই প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে সিপিএম নেতা জ্যোতি বসু ও কংগ্রেস জোট নেতা সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই দুজনেরই কেউই সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

স্বাধীনতার ৭৫ বছর পর আবারও বাঙ্গালীদের সেই স্বপ্ন দেখাচ্ছেন তৃণমূল নেত্রী। বিবিসির বিশ্লেষণ বলছে, পশ্চিমবঙ্গ যেভাবে তিনি বিজেপিকে পর্যুদস্ত করেছেন, তাতে আগামী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত যোগ্য নেতা একমাত্র মমতাই।

তবে ২০২৪ নির্বাচনের আগে বিজেপি-বিরোধী জোট গঠনই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সুবর্ণ সুযোগ। তবে জোটের প্রধান হিসেবে মমতাকে কংগ্রেসের মত প্রধান রাজনৈতিক দলগুলো মেনেন নেউ কি না সেটিও দেখার বিষয়।

অন্যদিকে মমতা দুই দফায় ভারতের রেলমন্ত্রী থাকার পরেও তাঁর দলীয় রাজনীতি অনেকটাই আঞ্চলিক বা রাজ্যকেন্দ্রিক বলেও মনে করেন অনেকে। আর তাই পশ্চিমবঙ্গের বাইরে রাজধানী দিল্লি বা অন্যান্য রাজ্যে তাঁর জনপ্রিয়তাও প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের জন্য প্রধান শর্ত হয়ে দাঁড়াতে পারে।

আর তাই তৃণমূলকে জাতীয় দলে পরিণত করতেই এখন জোরেশোরে মাঠে নেমেছেন মমতা। ভারতে জাতীয় দলের গ্রহণযোগ্যতা পেতে অন্তত তিনটি রাজ্যের লোকসভা বা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দরকার।

সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বাইরে ত্রিপুরা, আসাম এবং কেরালায় জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টায় আছে তৃণমূল কংগ্রেস। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল যে পথে এগুচ্ছে তাতে ২০২৪ সালে সম্ভব না হলেও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে মমতাকে দেখা যেতেই পারে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!