ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।
রোববার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। এর আগে ২০ রাউন্ডে মমতার জয়ের ব্যবধান ৫৬ হাজার ৫৮৮। এই রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়ঙ্কা পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।
এর আগে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস। দল জিতলেও নন্দীগ্রাম আসনে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার মূল নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন মমতা। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ছয় মাসের মধ্যে কোনো আসনে উপনির্বাচনে জয়ী হতে হবে তাকে।
দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।






























