মানব পাচারের অভিযোগে মোহাম্মদ মিলন হোসেন নামের এক বাংলাদেশি নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে টেক্সাসের আদালত।
স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। মিলনের বিরুদ্ধে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
মামলার নথিতে বলা হয়, ৪১ বছর বয়সী মিলন মেক্সিকোর তাপাচুলার বসবাস করতেন। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ, মেক্সিকো, দক্ষিণ ও মধ্য আমেরিকার মানব পাচারকারীদের টাকা দিয়ে কাগজপত্র ছাড়াই অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সীমান্তের পৌঁছে দিতে সহযোগিতা করেন তিনি। মমলায় তার সহযোগী মোক্তার হোসেন নামেও এসেছে।
আদালত জানায়, পাচারকৃতদের যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে মেক্সিকোতে তাপাচুলার একটি হোটেলে রাখা হত। সেখান থেকে তাদের মেক্সিকোর মন্টেরিতে পৌঁছতে সহায়তা করতেন মিলন। তার সহযোগী মোক্তার হোসেন মন্টেরি থেকে তাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছতে সাহায্য করেছেন।
মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ জানান, মিলন হোসেনের মত পাচারকারীদের বিচারের পাশাপাশি অবৈধভাবে অভিবাসনের সঙ্গে জড়িতদের মূলোৎপাটনে এই তৎপরতা অব্যাহত থাকবে।







































