বিস্ফোরক দিয়ে পাকিস্তানে জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মূর্তি উড়িয়ে দিয়েছে বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন ফ্রন্ট।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, জুন মাসে বেলুচিস্তানের মেরিন ড্রাইভে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার মূর্তিটি স্থাপন করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মূর্তির নিচে বিস্ফোরক পেতে রেখে আসে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ আর্মির সদস্যরা।
কিছুক্ষণ পরেই বিস্ফোরণে ধ্বংস হয়ে জিন্নাহর মূর্তিটি। ডন জানায়, বিস্ফোরণে মূর্তিটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। হামলার পর সংবাদমাধ্যমের কাছে এর দায় স্বীকার করেন বেলুচ লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বাবগার বালোচ।
তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের নেতারা। কায়েদে আজমের মূর্তি ভাঙা পাকিস্তানের মতাদর্শের ওপর আক্রমণ বলে ক্ষোভ জানিয়েছেন বেলুচিস্তানের এমপি সরফরাজ বুগতি।
পাকিস্তানি গোয়েন্দারা জানান, পর্যটকের বেশে জিন্নার মূর্তির নিচে বোমা পেতে রাখে নিষিদ্ধ সংগঠন বেলুচ আর্মি। অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ২০১৩ সালেও জিয়ারাত এলাকায় মোহাম্মদ আলী জিন্নাহর ১২১ বছরের পুরোনো বাড়িতে বিস্ফোরণ ঘটায় স্বাধীনতাকামী বিদ্রোহীরা।


































