করোনা মহামারির প্রভাবে বিশ্বের অনেক দেশের জনগণের গড় আয়ু কমে গেছে। রয়টার্স জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে ২০২০ সালে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মহামারিতে যুক্তরাষ্ট্রের পুরুষদের আয়ু কমে গেছে দুই বছরের বেশি।
বিশ্বের ২৯টি দেশের ওপর গবেষণায় দেখা যায় ২৭টি দেশেই গড় আয়ু কমেছে। এছাড়া ২২টি দেশে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে আয়ু কমেছে ৬ মাসের বেশি।
তবে বেশির ভাগ দেশে নারীদের তুলনায় পুরুষের আয়ু কমেছে। যুক্তরাষ্ট্রে পুরুষদের সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আয়ু কমছে মহামারির সময়ে।
১৫টি দেশে পুরুষের ও ১১টি দেশে নারীদের গড় আয়ু এক বছরের বেশি কমেছে। এছাড়া গত সাড়ে পাঁচ বছরে মৃত্যুহার কম থাকলেও করোনার প্রকোপে তা আবারও বেড়ে গেছে।
এ পর্যন্ত বিশ্বে করোনায় প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, গড় আয়ু কমে যাওয়ার পেছনেও করোনা সংক্রমণই দায়ী।



































