যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে সংস্থাটির ৭৬তম সাধারণ সম্মেলন। এরই মধ্যে অধিবেশনে যোগ দিয়েছেন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রনেতা আর প্রতিনিধিরা।
এই অধিবেশনে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন দেশটির ক্ষমতাচ্যুত সরকারের জাতিসংঘের বিশেষ দূত গোলাম ইসাকযাই। তবে তালেবানের দাবি ইসাকযাই এখন আর দেশটির নতুন সরকারের প্রতিনিধিত্ব করছেন না।
তাই বিশ্বনেতাদের উদ্দেশে এ অধিবেশনে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তালেবান নেতারা। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী এক চিঠির মাধ্যমে জাতিসংঘের কমিটির কাছে এমন অনুরোধ জানান।
এছাড়া দলের মুখপাত্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে মনোনয়ন দিয়েছে তালেবান। বিবিসি জানায়, তালেবানের প্রতিনিধি প্রেরণের আবেদন পর্যালোচনা করছে জাতিসংঘের ৯ সদস্যের কমিটি। এতে রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা।
আগামী সোমবার সাধারণ অধিবেশন শেষ হওয়ার আগে এই কমিটির বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। তাই জাতিসংঘের নিয়ম অনুযায়ী আফগানিস্তানের মুখপাত্র হিসেবে বিবেচিত হবেন সাবেক প্রধানমন্ত্রী আশরাফ গনির মনোনীত রাষ্ট্রদূত গুলাম ইসাকজাই। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনের শেষ দিন বক্তব্য রাখবেন তিনি।







































