করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় আবারও টিকা রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে ভারত। দেশের চাহিদা মেটানোর পর অক্টোবর থেকে দেশের বাইরে টিকা পাঠাবে সেরাম ইন্সটিটিউট।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া টিকা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান। চুক্তি অনুযায়ী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশে পুনের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ টিকা আবারো পাঠানো শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।
মার্চে করোনার দ্বিতীয় ঢেউতে রেকর্ড সংক্রমণ ও মৃত্যুর পর টিকা দেশের বাইরে বিক্রি বন্ধ করে ভারত। প্রায় ছয় মাস নিষেধাজ্ঞার পর আবারও শুরু হল রপ্তানি।
এর ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুযায়ী দুই কোটি ৩০ লাখ ডোজ টিকা পাওয়ার সুযোগ সৃষ্টি হলো। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ কোভিশিল্ড টিকা চুক্তি করে বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো।
তবে ফেব্রুয়ারিতে ৫০ লাখ ও মার্চে মাত্র ২০ লাখ টিকা পাঠানর পরই রপ্তানি বন্ধ করে দেয় ভারত। পরবর্তীতে চীন ও জাতিসংঘের ‘কোভেক্স’ চুক্তির আওতায় ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা টিকার সংগ্রহ করে বাংলাদেশ।


































