টানা তৃতীয় দফায় কানাডার সাধারণ নির্বাচনে জিতল প্রধানমন্ত্রী জাস্টীন ট্রুডোর দল লিবারেল পার্টি। কানাডার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
তবে প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি ক্ষমতাসীন দল। তাই আরেক দফা ক্ষমতায় থাকলেও সংখ্যালঘু দল হিসেবেই সরকার গঠন করবে লিবারেলরা।
সিবিসি নিউজ জানায়, কনজারভেটিভ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পায় ট্রুডোর দল। সোমবার রাতে বুথফেরত জরিপ বলছে, নির্বাচনী দলগুলোর মধ্যে লিবারেল পার্টি সর্বোচ্চ ১৫২টি আসনে জয় পেতে যাচ্ছে। যদিও সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ১৭০ আসনের জয়।
তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ প্রকাশ হবে বলে নিশ্চিত করেছে কানাডিয়ান স্থানীয় গণমাধ্যমগুলো। কেননা এখনো কয়েক লাখ অনলাইন তথা ইমেইল ব্যালটের ভোট গণনা বাকি রয়েছে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কর্মকর্তারা এসব ভোট গণনা শুরু করবেন।







































