২০২২ সালের মার্চ মাসের মধ্যে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করছে ভারত। ১,৩৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কই হচ্ছে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে।
ভারতের সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ির বরাতে এই খবর জানিয়েছ হিন্দুস্তান টাইমস। নীতিন জানান, আগামী বছরই চালু হবে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে।
এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হচ্ছে ৯৮,০০০ কোটি ভারতীয় রুপি। এর মাধ্যমে দিল্লি, ফরিদাবাদ, সোহনা, জেওয়ার বিমানবন্দরসহ বেশ কিছু এলাকা যুক্ত হবে। নতুন এক্সপ্রেসওয়ে চালু হলে মুম্বাই থেকে দিল্লি যেতে সময় লাগবে মাত্র ১২-১৩ ঘণ্টা।
হরিয়ানার কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়ে, মহারাষ্ট্রে মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি সড়কের সঙ্গে দিল্লিকে যুক্ত করবে নতুন এক্সপ্রেসওয়ে।
এছাড়াও পেট্রল পাম্পের পাশাপাশি সড়কের পাশে বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ারও ব্যবস্থা থাকবে। ১,৩৮০ কিলোমিটার রাস্তার দুই ধারে ২০ লাখ গাছ লাগানো হচ্ছে। এক্সপ্রেস ওয়েতে জমা বৃষ্টির পানি পৌঁছে যাবে সেসব গাছের গোড়ায়।







































