আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্কুল বন্ধের কোন ঘোষণা না দিলেও এবার শিক্ষার্থীদের স্কুলে ফেরার নির্দেশনা দিয়ে একটি ঘোষণা দিয়েছেন তালেবান সরকার। যদিও এই বিবৃতিতে শুধুমাত্র ছাত্রদের স্কুলে যেতে বলা হয়েছে, ছাত্রীদের কথা উল্লেখ করেনি শিক্ষা মন্ত্রণালয়।
এর ফলে আফগানিস্তানে নারীশিক্ষা বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে আবারও। শনিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানে তালেবানের সরকারের শিক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, “সকল শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে হবে।”
তবে এই বিবৃতিতে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে বা আদৌ তারা স্কুলে যেতে পারবে কি না সে সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।
শুক্রবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসা চালুর নির্দেশ দেওয়া হয়। এর আগে আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয় ক্লাস করার অনুমতি দেওয়া হলেও তাদের জন্য আলাদা বিধিনিষেধ জারি হয়।
বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য মেয়েদের আলাদা পোশাকও নির্ধারণ করে দেয় তালেবান সরকার। পাশাপাশি পুরুষ সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে ক্লাস করার ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।







































