নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। চুক্তি অনুযায়ী পারস্পরিক প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে চীনের হুমকি মোকাবেলা করবে তিন দেশ।
বিবিসি জানায়, তিন দেশের চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরিতে সক্ষমতা অর্জন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া অকাস (Aukus) চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি আর সাইবারের নিরাপত্তা ব্যবস্থাও উন্নত করবে তিন দেশ।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তির ঘোষণা দেন। যৌথ বিবৃতিতে তারা জানান, “অকাস চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা অর্জন ও যৌথ স্বার্থে সহায়তা জোরদার করবে।”
বিবৃতিতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব তুলে ধরা হয়। এ অঞ্চলে চীনের সামরিক ও ক্রমবর্ধমান আধিপত্য বিস্তার নিয়ে তিন দেশই উদ্বিগ্ন।
তাই সাইবার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সাগরতলে সামরিক কার্যক্রমে সক্ষমতাও বাড়াতে ভূমিকা রাখবে এই চুক্তি।
চুক্তির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অমীমাংসিত সীমান্ত বিরোধ, হামলার হুমকি ও অপরাধের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা করেন তিন দেশের রাষ্ট্রপ্রধান।






























