কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের কোস্ট গার্ড ও দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার (১৩ সেপ্টেম্বর) নতুন মিসাইল পরীক্ষার খবর জানায় উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ। বিবিসি জানায়, পরীক্ষামূলকভাবে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দেয় ক্ষেপণাস্ত্রটি। তবে এবারের নতুন মিসাইলের লক্ষ্যবস্তু কি ছিল বা সেটি কতদূরে আঘাত হানতে সক্ষম সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এদিকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশগুলো। দক্ষিণ চীন সাগরে এ ধরণের কার্যক্রম কেবল জাপানই নয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকেও অস্বস্তিতে ফেলেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এক বিবৃতিতে সুগা বলেন, এ ধরনের পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
গত মাসে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী নিয়ে উদ্বেগ জানায় জাতিসংঘ। ধারণা করা হচ্ছে পারমাণবিক চুল্লিগুলো পুনরায় চালুর পর নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করেছে দেশটি।







































