পরিবেশ ও ভূমি অধিকার রক্ষায় প্রতিবাদ করতে গিয়ে ২০২০ সালে অন্তত ২২৭ জন অ্যাক্টিভিস্ট নিহত হয়েছে। এ নিয়ে টানা দুই বছর সর্বোচ্চসংখ্যক পরিবেশবাদীর মৃত্যু হল।
আন্তর্জাতিক গণসচেতনতাবিষয়ক সংস্থা গ্লোবাল উইটনেসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনের বরাতে বিবসিসি জানায়, এসব হত্যাকাণ্ডের প্রায় এক-তৃতীয়াংশ প্রাকৃতিক সম্পদ লুটের সঙ্গে সংশ্লিষ্ট। অবৈধভাবে গাছ কাটা, খনন, কৃষি ব্যবসা, জলবিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান তারা।
প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভূমিকার জন্য এই প্রতিবেদনে হতাহতদের ‘পরিবেশের রক্ষক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে গড়ে চারজন পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে।
গ্লোবাল উইটনেস জানায়, গত বছর সবচেয়ে প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশগুলোতে। কলম্বিয়ায় সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়েছে। এরপর নিহতের সংখ্যার হিসেবে দ্বিতীয় অবস্থানে মেক্সিকো। দেশটির এক-তৃতীয়াংশ পরিবেশবাদী বন উজাড় ঠেকাতে গিয়ে খুন হয়েছেন।
এছাড়া এশিয়ার দেশ ফিলিপাইনে খনি খনন, গাছ কাটা ও বাঁধ নির্মাণ প্রকল্প ঠেকাতে গিয়ে ২৯ জন মারা গেছেন। ২০২০ সালে অ্যাক্টিভিস্টদের অর্ধেকের বেশি মারা গেছেন ফিলিপাইন, মেক্সিকো ও কলম্বিয়ায়।
সংবাদমাধ্যম আর জনগণের স্বাধীনতা না থাকার কারণে এই ‘মর্মান্তিক ঘটনা’ সবার অগোচরে রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করে গ্লোবাল উইটনেস।








































