নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষুব্ধ জনতার ছোড়া পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে আঘাত গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন তিনি।
বিবিসি জানায়, মঙ্গলবার নির্বাচনী প্রচার শেষে তার দল লিবারেল পার্টির বাসে ওঠার সময় তাকে লক্ষ্য করে ছোট ছোট পাথরে নিক্ষেপ করা হয়। এ সময় ট্রুডো ছাড়াও মিডিয়া বাসের আরও দুজন ব্যক্তি আঘাত পান। তবে তেমন গুরুতর আহত হননি কেউ।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশায় আগস্টের মাঝামাঝি সময়ে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেয় বামপন্থী লিবারেল পার্টি। তবে করোনার টিকা দিতে দেরি হওয়া ও স্বাস্থ্যবিধি নিয়ে জনগণের অসন্তোষের কারণে বিক্ষোভের ফলে ব্যাহত হচ্ছে নির্বাচনী প্রচার।
গত সপ্তাহে বিক্ষোভকারীরা নির্বাচনী প্রচার অনুষ্ঠানে হামলা করলে একটি সমাবেশ বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী ট্রুডো। আন্দোলনকারীদের এমন প্রতিক্রিয়াকে ‘জঘন্য আচরণ’ বলে মন্তব্য করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি।



































