পাকিস্তানে তালেবানের আত্মঘাতী হামলা, নিহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:১১ পিএম
পাকিস্তানে তালেবানের আত্মঘাতী হামলা, নিহত ৪

পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) সংখ্যালঘু শিয়া হাজারা গোষ্ঠীর অধ্যুষিত কোয়েটার মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলা হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী মাসটাং সড়কে নিরাপত্তা চৌকির কাছে এই বিস্ফোরণ হয়।

কোয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম এই তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তাকর্মী এবং দুজন পথচারী ছিলেন বলে জানান আজহার আকরাম। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সের জানায়, ছয় কেজি বিস্ফোরকসহ এক মোটরসাইকেল আরোহী হামলাকারী সীমান্তরক্ষীদের একটি গাড়িকে লক্ষ করে আত্মঘাতী হামলা চালান। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

বেলুচিস্তানের সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে প্রায় সময়েই এ ধরনের হামলা চালায় সুন্নি উগ্রবাদী দলগুলো। বেলুচিস্তানের নিরাপত্তারক্ষী বাহিনীও এসব হামলার শিকার হয়ে থাকেন। রোববারের হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!