সোমবার (৩০ আগস্ট) রাতে আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে কাবুল বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান, সাঁজোয়া যান ও একটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করে দিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনী।
আফগানিস্তানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জির বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ম্যাকেঞ্জি বলেন, সোমবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকে অবস্থানরত ৭৩টি বিমান ‘নিরস্ত্রীকরণ’ বা ‘অকেজো’ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই বিমানগুলি আর কখনও উড়তে পারবে না। আর কেউ এগুলো ব্যবহার করতে পারবে না।”
তিনি আরও বলেন, পেন্টাগন, কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য ব্যবহৃত প্রায় ৭০টি সাঁজোয়া যান ও ট্যাংকার ধ্বংস করা হয়েছে। এসব সমরাস্ত্রের প্রতিটির মূল্য ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
এছাড়াও সোমবার ইসলামিক স্টেটের (আইএস) রকেট হামলা প্রতিহত করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটিও নষ্ট করে দিয়েছে মার্কিন সেনারা।
ধারনা করা হচ্ছে, এসব অত্যাধুনিক সামরিক প্রযুক্তি যেন তালেবানের হাতে না পৌঁছায় সে উদ্দেশ্যেই সবকিছু বিকল করেছে যুক্তরাষ্ট্র।



































