আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই নারীর অধিকার ও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন মহল। জাতিসংঘ ছাড়াও বিভিন্ন দেশ ও অ্যাক্টিভিস্টরা দেশটিতে বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশুদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে।
এবার সেসব আশঙ্কা দূরে সরিয়ে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিল তালেবান। আল-জাজিরা জানায়, মঙ্গলবার সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণার পাশাপাশি নারীদের সরকারি পদে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তালেবান নেতারা।
আফগানিস্তানের নতুন নাম ব্যবহার করে তালেবানের সংস্কৃতি পরিষদের সদস্য এনামুল্লাহ সামাঙ্গানি বলেন, “ইসলামিক আমিরাত নারীদের ভুক্তভোগী হতে দেখতে চায় না। শরীয়াহ আইন অনুযায়ী সরকারি কাজে নারীদের যুক্ত থাকা উচিত।”
তিনি আরও বলেন, “নতুন সরকারের অবকাঠামো এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে সম্পূর্ণরূপে ইসলামী শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
আগের দফায় ক্ষমতায় থাকাকালীন নারীশিক্ষা বন্ধ করাসহ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল তালেবান। আর তাই নতুন সরকার গঠনের পর নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই।



































