গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে ইসরায়েল। সোমবার (১৬ আগস্ট) বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা রকেট নিক্ষেপের পর দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার প্রতিরোধী প্রযুক্তি এটিকে শনাক্ত ও প্রতিহত করে।
আল-জাজিরা জানায়, ভিডিও ফুটেজে রকেটটি দক্ষিণ শহর সেরোটের উপর বিধ্বস্ত হতে দেখা গেছে। এই হামলা অঞ্চলটির তিন মাসের স্থিতিশীল পরস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েক মাস ধরেই পশ্চিম তীরে ইসরায়েলের সহিংসতার শিকার হয়েছেন ফিলিস্তিনিরা। এতে ইসরাইলের সেনাদের ছোড়া গুলিতে শিশুসহ ২৪ ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। ধারনা করা হচ্ছে ঐ সহিংসতার জেরেই রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।
মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েলের ১১ দিনের বিমান হামলার পর এটিই ফিলিস্তিন থেকে প্রথম আক্রমণ। যদিও এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সেসময় পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি উচ্ছেদকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ ও ইহুদীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে পশ্চিম তীরে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ১১ দিনের যুদ্ধের পর বিরতিতে যায় দুপক্ষ।







































