মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:২৬ এএম
মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। গোলাবারুদের অবস্থা নির্দেশকারী কোড পরিবর্তন করে সেগুলো আবার ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটে নিজের নিয়োগ নিশ্চিত করার শুনানিতে আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও।

মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বিপুল পরিমাণ ব্যয়বহুল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।

হাং কাও বলেন, ‘এপিক ফিউরিতে আমরা যেসব গোলাবারুদ ব্যবহার করেছি, তার অনেকগুলোর কোড পরিবর্তন করতে পেরেছিলাম। সেগুলো ছিল কোড ইকো ও কোড ফক্সট্রট—যার অর্থ হলো সেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।’


প্রতিরক্ষা সরবরাহ সংস্থার (ডিফেন্স লজিস্টিকস এজেন্সি) একটি নির্দেশিকা অনুযায়ী, ইকো ও ফক্সট্রট কোড এমন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো বর্তমানে ব্যবহারের অনুপযোগী। তবে সীমিত পরিসরে পুনরুদ্ধার বা মেরামতের মাধ্যমে সেগুলো আবার ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব।

অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ক্যাপ্টেন এবং সাবেক বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কর্মকর্তা হাং কাও পুরোনো গোলাবারুদ পুনরায় ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়াটিকে খাবার সংরক্ষণের কৌশলের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আমি একটি দরিদ্র পরিবার থেকে এসেছি। রুটির মতো খাবারের মেয়াদ শেষ হয় না। এর ওপর একটু পানি ছিটিয়ে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভে গরম করলেই আবার খাওয়ার উপযোগী হয়ে যায়।’


তবে ঠিক কোন ধরনের গোলাবারুদের কোড পরিবর্তন করা হয়েছিল এবং এভাবে পুনরায় ব্যবহারের উপযোগী করা কতগুলো গোলাবারুদ যুদ্ধে নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি হাং কাও। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত অনেক নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম অস্ত্রের প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার। ফলে পুরোনো মজুত থেকে গোলাবারুদ পুনরুদ্ধার করে পুনরায় ব্যবহার করতে পারার বিষয়টি জরুরি পরিস্থিতিতে কার্যকর হতে পারে।

নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর ডেব ফিশারের এক প্রশ্নের জবাবে হাং কাও এসব তথ্য জানান। ফিশার জানতে চেয়েছিলেন, ব্যয়বহুল ও নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম অস্ত্রের পাশাপাশি তুলনামূলক সস্তা এবং ব্যাপক হারে উৎপাদন করা সম্ভব, এমন অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে নৌবাহিনী সঠিক ভারসাম্য বজায় রাখতে পারছে কি না।

জবাবে হাং কাও বলেন, তাঁর সামরিক কর্মজীবনে বছরে প্রায় ১২৫টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হতো। বর্তমানে সেই উৎপাদন বাড়িয়ে মাসে ৬০ টিরও বেশি করা হয়েছে।

এদিকে, পেন্টাগনের কাছে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের পর্যাপ্ত মজুত রয়েছে কি না, তা নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগ রয়েছে।

গত সেপ্টেম্বরে প্রকাশিত পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক প্রতিবেদনে এ উদ্বেগের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে অধিগ্রহণ ও রক্ষণাবেক্ষণবিষয়ক আন্ডার সেক্রেটারির কার্যালয়ের অনুসন্ধানের বরাত দিয়ে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধজুড়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুতে ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে গোলাবারুদ পুনরায় সরবরাহের ক্ষেত্রে দেশটির প্রতিরক্ষা শিল্পের উৎপাদনব্যবস্থায় বড় ধরনের বাধা ও সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।

Link copied!