বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি

লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৮:৩৮ পিএম
লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ধাপের বাছাই প্রক্রিয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার ও শুক্রবার নেওয়া সাক্ষাৎকারে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্যে বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন।

তাই, বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বোয়েসেল কর্তৃপক্ষের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর যে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্বাচিত কর্মীরা ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’তে কাজের সুযোগ পাবেন।

বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।

কিন্তু দুদিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে কিছু সংখ্যক কর্মী অনুপস্থিত থাকেন। এ কারণে আগে নির্বাচিত ৩০০ জন বাদে অবশিষ্ট আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বোয়েসেলের সম্মেলন কক্ষে এই লটারি হবে।

পুরো লটারি প্রক্রিয়াটি বোয়েসেলের অফিসিয়াল ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে এবং সব আবেদনকারীকে নির্ধারিত সময়ে এই সরাসরি সম্প্রচার দেখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো কর্মীদের মধ্যে এর প্রথম ধাপে ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
চূড়ান্ত বাছাইয়ের জন্য মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নিচ্ছে।
বোয়েসেল জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না; সম্পূর্ণ খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

Link copied!