ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেন তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে কি না, সম্প্রতি যুক্তরাষ্ট্র এমন সম্ভাবনার কথা তুলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
ভবিষ্যতের হুমকি মোকাবিলায় যেকোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসছে। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, নিজেদের সীমান্তের কাছে ন্যাটোর আরও একটি সদস্যরাষ্ট্রের উপস্থিতি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।
জেলেনস্কিও নিয়মিত বলে আসছেন, মস্কোর দাবি সত্ত্বেও ইউক্রেন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয়।
জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেইন যদি নেটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেইন কি তখন দনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হল।”
তিনি আরও জানান, এমন কোনো প্রস্তাব পেলে, যেখানে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, তবে তিনি সেটি গণভোটে দেবেন।
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান।
পুতিন ও ক্রেমলিন কর্মকর্তাদের মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, যুদ্ধের বিষয়ে রাশিয়ার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ভূখণ্ড ছেড়ে দেওয়া ও কিয়েভের নিরপেক্ষতার বিষয়ে মস্কো এখনো যেসব দাবি করছে, তা ইউক্রেন যতটুকু মেনে নিতে রাজি, তার চেয়ে অনেক বেশি।
মস্কো এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডগত ছাড় দেওয়া এবং কিয়েভকে নিরপেক্ষ থাকার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।
ইউক্রেন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের বিধিনিষেধের মধ্যে থাকলে ভবিষ্যতে কোনো হামলা হলে তা ঠেকানোর সক্ষমতা তাদের থাকবে না।
মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই। কিন্তু শনিবার জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব দেখে তাঁর মনে হচ্ছে, ‘ন্যাটোর বিষয়টি আবারও আলোচনার সূচিতে ফিরে এসেছে’।
তবে তিনি সতর্ক করে বলেন, “আপনারা পুতিনের মনোভাবও দেখেছেন, তাই এই আলোচনাটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।”
বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা রাশিয়ার দখলে রয়েছে। এর মধ্যে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের বেশিরভাগ অংশই রয়েছে।
দনবাসে ইউক্রেনের নিয়ন্ত্রণে এখনো যে সামান্য এলাকা আছে, তা ছেড়ে দেওয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অনেক বড় ঘটনা হবে। কারণ, এর অর্থ দাঁড়াবে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া।
জেলেনস্কি এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড এবং ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছিলেন। মস্কো ২০১৪ সালে ক্রাইমিয়াকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেয়।












