উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরনে লাগবে না কোনো জায়গা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করেছে এমন হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ যা উড়বে রানওয়ে ছাড়াই। তাদের তৈরি ‘ইএল৯ আলট্রা শর্ট’ বিমানটি মাত্র ১৫০ ফুট দীর্ঘ সমতল জায়গা ব্যবহার করেই ওঠানামা করতে পারবে। আঞ্চলিক যাতায়াতের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই প্রযুক্তি। শুক্রবার সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসছে এই খবর।
ইলেকট্রার প্রধান নির্বাহী মার্ক অ্যালেনের জানিয়েছেন, যেসব জায়গায় গাড়িতে যেতে অনেক সময় লাগে, অথচ উড়োজাহাজে যাওয়ার দূরত্ব খুব কম, সেসব পথে চলাচলের জন্য এটি তৈরি করা হয়েছে।
নতুন উড়োজাহাজ তৈরিতে ছয়টি বৈশিষ্ট্যকে গুরুত্ব দিচ্ছে ইলেকট্রা। এগুলো হলো কম শব্দে চলাচল, অল্প জায়গায় ওঠানামা, যাত্রী ও পণ্য বহনের সক্ষমতা, দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া, নিরাপত্তা এবং কম পরিচালন ব্যয়। প্রতিষ্ঠানটির দাবি, উড়োজাহাজ চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো উড়োজাহাজে সমন্বয় ঘটেনি এই ছয়টি বৈশিষ্ট্যের।
এতে পরিবহন করা যাবে সর্বোচ্চ নয়জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড পণ্য। পূর্ণ যাত্রী বা পণ্য বোঝাই অবস্থায় এটি উড়তে পারবে ৩৮০ মাইল পর্যন্ত । জ্বালানি ও বিদ্যুৎ দুই ধরনের শক্তি ব্যবহার করে চলবে উড়োজাহাজটি। ইলেকট্রার দাবি, প্রচলিত হেলিকপ্টারের তুলনায় এটি পরিচালনায় ৭০ শতাংশ পর্যন্ত কম খরচ হবে। উড্ডয়নের সময় শব্দও হবে তুলনামূলক কম।
এটি চলাচলের জন্য বড় বিমানবন্দরের ওপর নির্ভরশীল হবে না। ওঠানামা করতে পারবে হেলিপ্যাড, খোলা মাঠ কিংবা গাড়ি পার্কিংয়ের মতো সমতল জায়গা থেকেও। এতে বিভিন্ন শহর ও অঞ্চলের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। এমনকি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি বিপণিবিতানের পার্কিং এলাকা থেকে নিউইয়র্কের একটি হেলিপ্যাডে যেতে বিমানটিতে সময় লাগতে পারে ১ ঘণ্টা ৪৫ মিনিট। ইলেকট্রার হিসাবে, গাড়ি বা প্রচলিত বাণিজ্যিক উড়োজাহাজে একই যাত্রায় সময় লাগবে এর চেয়ে অনেক বেশি ।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, বিশ্বের ৬০টির বেশি সংস্থা ইতিমধ্যে ২ হাজার ২০০টির বেশি উড়োজাহাজের আগাম অর্ডার দিয়েছে। ২০২৭ সালের শেষ দিকে পরিকল্পনা রয়েছে পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার। সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করতে পারবে এই যান। তবে এর আগে পেতে হবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও নিরাপত্তা সনদ। বাণিজ্যিকভাবে প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে প্রায় ১ কোটি ডলার।













