ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১১:৫৮ পিএম
ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান শুধু আশপাশের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে না, বরং আগে হামলা চালানো হয়নি এমন দূরবর্তী ঘাঁটিতেও আঘাত হানবে।
রেজায়ি বলেন, ইউরোপের কোনো দেশ থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে উড্ডয়ন করলে সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা চলছে না। তবে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত তুলে ধরেছে ইরান। এখন সেগুলোর বিষয়ে মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে দেশটি।
রেজায়ি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইরানের প্রথম অগ্রাধিকার হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান নিশ্চিত করা। বিশেষ করে লেবাননে চলমান সংঘাত বন্ধ করা।


এ ছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।


ইরানের নিরাপত্তাপ্রধান দাবি করেন, দেশটি যখন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে, তখন আরব দেশগুলোর সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি হয়নি।

Link copied!