বাংলাদেশকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্ক 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ১২:১২ পিএম
বাংলাদেশকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্ক 

সাম্প্রতিক বছরগুলোতে পেস বোলিংয়ে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলামরা এখন যেকোনো দলের জন্যই বড় চিন্তার কারণ। বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও তাই দলটির পেস আক্রমণ নিয়ে বেশ সতর্ক অবস্থানেই থাকছেন।

দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গতকাল বিকেলে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। সেই সিরিজের আগে বাংলাদেশের পেসারদের সামলাতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা।

বাভুমা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হাইভেল্ডে খেলতে হবে। এই কন্ডিশনে প্রথমে বোলিং করা কতটা সহায়ক, তা আমাদের জানা আছে। আমার মনে হয়, প্রথমে বোলিং করার ক্ষেত্রে তাদের ভালো কিছু শক্তির জায়গা রয়েছে। তাই ব্যাটিংয়ের দিক থেকে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা যাবে না। মানসিকভাবেও কোনো বিষয় বা সুযোগকে হালকাভাবে নেওয়া যাবে না।’

বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাভুমা, ‘বর্তমান ক্রিকেটে বিশ্বের কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। যেকোনো দিন যেকোনো দল অন্য দলকে চাপে ফেলতে পারে। তাই আমরা চাই না, অপ্রস্তুত অবস্থায় মাঠে নামতে হোক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এলে আমরা যথাযথ প্রস্তুতি নেব। তবে কোনোভাবেই তাদের হালকাভাবে দেখব না।’

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে না থাকলেও সে সিরিজের স্মৃতিচারণ করলেন বাভুমা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজটি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দল হিসেবে এবং ব্যক্তিগতভাবেও ওই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। দলের অনভিজ্ঞ খেলোয়াড় টনি, কাভেরিমি, ভিয়ান মুল্ডার ও সেন মুথুসামি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং দলের জন্য দারুণ অবদান রেখেছে।’

বাভুমা আরও যোগ করেন, ‘আমি তখন চোটের কারণে খেলতে পারিনি। তবে ওয়েইন সোস ও এইডেনের পারফরম্যান্স, বিশেষ করে এইডেন যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তা ছিল দারুণ। আমরা জানি, উপমহাদেশের মাটিতে খেলা কখনোই সহজ নয়। কিন্তু সেখানে গিয়ে আমরা যেভাবে আধিপত্য বিস্তার করা প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। আমার মনে হয়, ওই পারফরম্যান্স দলের মানসিকতায় বড় পরিবর্তন এনেছিল। একই সঙ্গে সেখানে পাওয়া আত্মবিশ্বাস ও ইতিবাচক ধারাবাহিকতা দলের মধ্যে নতুন গতিশীলতা তৈরি করেছিল।’

Link copied!