ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১১:৫৩ পিএম
ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটাল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সাইরেন বাজানো হয় এবং দেশটির কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সতর্কবার্তা জারি করে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস (বিপ্লবী গার্ড) জানিয়েছে, তারা এই মরুভূমির দ্বীপ রাষ্ট্রটির একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে, যে দেশটি একটি বড় নৌঘাঁটিসহ বেশ কিছু মার্কিন সামরিক সুবিধা প্রদান করে আসছে।

বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ‘তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা প্রদান করেছে’।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।
৬৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হায়াত ইব্রাহিম এএফপি-কে বলেন, ‘আমি ঠিক যা আশা করছিলাম যে ঘটবে না, সেটাই ঘটল : সমস্ত উদ্বেগ ও অনিশ্চয়তা নিয়ে ইরানি হামলা আবারও শুরু হয়ে গেল’।

শুক্রবারও বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান, এই হামলা ছিল তেল-সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর ওপর গত সেপ্টেম্বরের পর প্রথম হামলা।
বিগত আট মাসের যুদ্ধে এই অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোর প্রায় ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং স্থানীয় অধিবাসীরা সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিস্ফোরণের কথা জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে ‘বাসিন্দাদের শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে খবর পর্যবেক্ষণ করতে’ নির্দেশ দিয়েছে।

রাজধানী মানামার একজন দোকানদার মোহাম্মদ আবদুল্লাহ রাতের বেলা এই হামলার শব্দ শুনতে পান।

তিনি বলেন, তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম, এই দুঃসময় পেছনে ফেলে এসেছি। আর এমন ঘটনা ঘটবে না।’ ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানের রেভোল্যুশনারি গার্ডস বলেছে যে একটি হেলিপ্যাড ঘাঁটির মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোনগুলো চালানো হয়েছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে গার্ডস জানায়, ‘আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে আমেরিকান এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’।

বিবৃতিতে আরও বলা হয়, ‘হোরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমেরিকান শত্রুর যেকোনো আগ্রাসনের কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাহরাইন "তার ভূখণ্ডকে হিসেব মেটানোর ময়দানে পরিণত করা প্রত্যাখান করছে এবং এই হামলার জন্য ইরানকে পূর্ণত দায়ী করছে"।
আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সময় ইরান হোরমুজ প্রণালীর তেল বাণিজ্য পথ দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে এবং পুরো অঞ্চলে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি সুবিধা ও মার্কিন সম্পদসহ বিভিন্ন পরিকাঠামোয় হামলা চালিয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো হাজার হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে।

শুক্রবার হোরমুজের কিশম দ্বীপে আমেরিকান হামলার পর রেভোল্যুশনারি গার্ডস জানায়, তাদের বাহিনী বাহরাইনের একটি মার্কিন প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেমে হামলা চালিয়েছে।
অঞ্চলের মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা শুক্রবারের হামলায় দুটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্টকম গত মাসে জানিয়েছিল যে তারা গ্রীষ্মকাল থেকে হোরমুজ প্রণালী হয়ে উপসাগরীয় দেশগুলোকে ১.৫ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—যার মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের জন্য আংশিকভাবে এই ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। ট্রাম্প চলতি সপ্তাহে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন বলে শুক্রবার এক কর্মকর্তা জানিয়েছেন।

মাসের পর মাস ধরে চলা কূটনীতিও এই যুদ্ধ মেটাতে ব্যর্থ হয়েছে, যা শুরু হয়েছিল মার্কিন-ইসরায়েলি আকস্মিক হামলার মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

Link copied!