সাভার ও আশুলিয়ায় পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬, ০১:৩০ পিএম
সাভার ও আশুলিয়ায় পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া

ঢাকার সাভার ও আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকরা ফের বিক্ষোভ করেছেন। বিক্ষোভ চলাকালে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা কর্তৃপক্ষ সাভার ও আশুলিয়ার অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আজ বুধবার সকাল থেকেই সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যায়।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করেন। তবে ভেতরে গিয়েই তারা কাজ বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর পয়েন্টে জড়ো হতে থাকেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । একপর্যায়ে শ্রমিকরা ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সড়ক থেকে সড়িয়ে দেয়। বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়া এলাকার অন্তত ৫০টি পোশাক কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, একই সময়ে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় ‘পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড’ ও ‘ম্যাক্সকম ইন্টারন্যাশনাল’ নামের কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। সেখানেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করার পর শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। তবে পুলিশি তৎপরতায় তারা সড়কে নামতে পারেনি। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Link copied!