গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৩৩ এএম
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন তারা।

আজ বুধবার সকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত রবিবার লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। ভাঙচুর করা হয় একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।

এরপর থেকে জেলার নানা স্থানে তাণ্ডব অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের এ কর্মকাণ্ডের মধ্যে রবিবার ছয় প্লাটুন বিজিবি মোতায়ানে করা হয়।

গত সোমবারও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি তেমন একটা হয়নি।

এরমধ্যে গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
থানা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি পর্যালোচনা করে শনাক্ত করা হবে।

এ ঘোষণার মধ্যে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলো।

বিজিবি জানিয়েছে, বাহিনীর সদস্যরা গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।


আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয় বাহিনীর বার্তায়।
নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

Link copied!