শ্রীলঙ্কায় খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বৈদ্যুতিক আকাশ পরিবহন বা ইলেকট্রনিক এয়ার ট্রান্সপোর্টের নতুন যুগ। স্থানীয় সংবাদমাধ্যম 'ডেইলি মিরর'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটি তাদের প্রথম যাত্রীবাহী ড্রোন বা ইভিটিএএল এর পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েল্লার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড থেকে আমদানিকৃত 'ই-হ্যাং' ব্র্যান্ডের প্রথম দ্বি-আসীন (দুই আসন বিশিষ্ট) ড্রোনটি এরই মধ্যে বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
উদ্বোধনী ফ্লাইটটি চলতি মাসের ৩০ বা ৩১ অক্টোবর অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কলম্বো পোর্ট সিটি থেকে যাত্রা শুরু করবে। এর সঠিক গন্তব্য নির্ধারণ করা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে।
মার্কিন সার্টিফিকেশন মানদণ্ড অনুযায়ী এর নিয়ন্ত্রক প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি উন্নত এয়ার মোবিলিটি সংক্রান্ত স্থানীয় বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই পুরো প্রকল্পটির বাস্তবায়ন মূল্যায়ন করবেন।
আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় চালান পৌঁছানোর কথা রয়েছে। আগামী বছর ৪ থেকে ৬ জন যাত্রী বহনক্ষম বড় ড্রোন চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। প্রায় ২০ কিলোমিটার দূরত্বের এই যাত্রাপথ ৩০ মিনিট অন্তর পরিচালিত হতে পারে।
ড্রোনগুলো রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার সহায়তায় ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় চলাচল করবে। উড্ডয়ন, অবতরণ, চার্জিং এবং যাত্রী ব্যবস্থাপনার জন্য 'ভার্টিপোর্ট' নামক বিশেষ অবকাঠামো তৈরি করা হবে।
শহুরে যাতায়াত সহজ করা, পর্যটন খাতের উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা এবং দূরবর্তী অঞ্চলে পণ্য সরবরাহ বা কার্গো পরিবহনে এই ড্রোনের ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে শ্রীলঙ্কাতেই যাত্রীবাহী ড্রোন তৈরির কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।



















