হোয়াইট হাউস ছাড়লেও ট্রাম্পকে ছাড়ছেন না লেভিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১১:১০ এএম
হোয়াইট হাউস ছাড়লেও ট্রাম্পকে ছাড়ছেন না লেভিট

এ মাসের শেষে হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক তহবিল সংগ্রহকারী দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

স্থানীয় সময় শুক্রবার ২৮ বছর বয়সী এই মুখপাত্র ঘোষণা করেছেন, তিনি আবারও মাগা ইনকরপোরেটেডে যোগ দেবেন। এটি ট্রাম্পপন্থী একটি ‘সুপার পিএসি’ বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী কমিটি।

এ ধরনের সংগঠন রাজনৈতিক অর্থ সংগ্রহ করতে পারে। পরে বিজ্ঞাপনসহ বিভিন্ন উপায়ে নির্বাচনে প্রভাব ফেলতে সেই অর্থ ব্যবহার করতে পারে। তবে প্রার্থী বা তাদের নির্বাচনী প্রচার দলের সঙ্গে সরাসরি সমন্বয় করতে পারে না।

লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার পরও তিনি সেপ্টেম্বরে টেক্সাসের ডালাসে অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্পের সঙ্গে থাকবেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই সম্মেলন হবে।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাগা ইনকরপোরেটেডে কাজ করেছিলেন লেভিট। এরপর তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার দলে যোগ দেন।

শুক্রবার লিভিটের উত্তরসূরি কে হবেন, জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘জীবনে কখনো এত বেশি চাকরির আবেদন পাইনি।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি লেভিট। গত ১২ আগস্ট তিনি জানিয়েছিলেন, পরিবারকে আরও সময় দিতে দায়িত্ব ছাড়ছেন।

তিনি গত মে মাসের শুরুতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।

সূত্র : এএফপি
 

Link copied!