ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১১:৩৪ এএম
ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি

ক্যারিয়ারে অল্প কিছু কাজ করেই দর্শকের নজরে আসেন অভিনেত্রী নাজনীন নীহা। বর্তমানে বেছে কাজ করছেন তিনি।

এখন পর্যন্ত হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করলেও প্রতিটি কাজেই দর্শকের ভালো সাড়া পেয়েছেন। সংখ্যার চেয়ে মানসম্পন্ন কাজকেই গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী।

নীহা বলেন, ‘যারা বেশি কাজ করেন, তারা হয়তো তাদের জায়গা থেকে পারেন। আমি এখনো শিখছি। কিছুই পেরে উঠিনি। এখন শেখার সময়। একটা কাজ শেষ করে কিছুদিন বিরতি নিই, যাতে পরবর্তী কাজের প্রস্তুতি ঠিকঠাক নিতে পারি। এজন্য কম নাটক করছি। আর মানসম্পন্ন কাজ করতে চাই। সামনে হয়তো কাজের সংখ্যা কিছুটা বাড়বে।’

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকের ভালোবাসা পাওয়ায় আনন্দিত নীহা। তিনি বলেন, ‘ক্যারিয়ারের প্রথম থেকেই দর্শকের অনেক ভালোবাসা পাচ্ছি। সবাই আমার অভিনয়ের প্রশংসা করছেন। দর্শক বলছে, অভিনয়ে আগের চেয়ে উন্নতি করেছি। এজন্য খুব ভালো লাগছে। দায়িত্ব আরো বেড়ে গেল। সামনে কাজের প্রতি আরো মনোযোগী থাকব। ঈদের এত কাজের ভিড়ে আমার অভিনীত নাটকটিও দর্শকের নজরে পড়ছে, এটাই দারুণ ব্যাপার। সামনে আরো ভালো করতে হবে।’

চলচ্চিত্র ও ওয়েব জগৎ থেকে কাজের প্রস্তাব পেলেও আপাতত ছোট পর্দায় মনোযোগ দিতে চান নীহা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো কোনো চলচ্চিত্র বা ওয়েব কনটেন্টে যুক্ত হইনি। আমি আসলে প্রস্তুত হচ্ছি। চলচ্চিত্র একটা বড় প্লাটফর্ম, এজন্য সঠিক প্রস্তুতি নিয়েই আসতে চাই। আপাতত ছোট পর্দা নিয়েই খুশি।’

ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না নীহার। শোবিজে আসার পরই অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে তার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীহা বলেন, ‘আপাতত অভিনয় নিয়েই ভাবছি। দর্শক যেন আমাকে মনে রাখে, আমি বেঁচে না থাকলেও যেন সবাই মনে রাখে, সে রকম কাজ করতে চাই।’

Link copied!