পয়েন্ট হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০২:২৭ পিএম
পয়েন্ট হারানোর শঙ্কায় অস্ট্রেলিয়া

ঘরের মাটিতে বাংলাদেশের কাছে হেরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তারা। অস্ট্রেলিয়ার মাথায়  জেঁকে বসেছে আরেকটি শঙ্কা। দেশটির সংবাদমাধ্যম নিউজ কর্প অস্ট্রেলিয়া জানিয়েছে, ডারউইন টেস্টে ধীরগতির ওভার রেটের জন্য বড় আর্থিক জরিমানা ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মহা গুরুত্বপূর্ণ পয়েন্টও কাটা যেতে পারে প্যাট কামিন্সের দলের।

ডারউইনে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গেছে অজিরা। এই ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বলছে, ধীরগতির ওভার রেটের কারণে টেস্ট দলের প্রত্যেক খেলোয়াড়কে ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা গুনতে হতে পারে।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বল করতে হয়। সে হিসাবে এক দিনে অন্তত ৯০ ওভার খেলতে হয়। নিয়ম ভঙ্গের কারণে সর্বনিম্ন ৯০ ওভারের কোটা থেকে প্রতি ওভার কম হওয়ার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার ক্ষমতা রয়েছে আইসিসির।

টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা) পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, তাই জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত। সব মিলিয়ে দলীয় জরিমানার অঙ্কটা হতে পারে মোট ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা)।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অবশ্য জরিমানার মুখে পড়বেন কি না, তা নির্ধারণের সময় ভেন্যুর তাপমাত্রা এবং উইকেট যাওয়ার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে পারেন ডারউইন টেস্টের ম্যাচ রেফারি। ডারউইনে ভ্যাপসা গরম ও আর্দ্রতাই হয়তো কামিন্সদের এই শাস্তি থেকে বাঁচিয়ে দিতে পারে।

শুধু জরিমানা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার ৪ পয়েন্টও কেটে নেওয়া হতে পারে। ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া।
বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় শাস্তির হাত থেকে বেঁচে যাচ্ছে তারা।

২০২০ সালে বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে ৪ পয়েন্ট কাটা যাওয়ায় ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

Link copied!