শিশুদের অনলাইন গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মামলা করেছিল টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স এখন সেই মামলা মীমাংসা করতে রাজি হয়েছে ৪০ কোটি ডলারে।
২০২৪ সালে টিকটক ও বাইটড্যান্সের বিরুদ্ধে মামলাটি করেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগ অনুযায়ী, ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় অভিভাবকের অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি।
অনলাইনে শিশুদের লক্ষ্য করে পরিচালিত সেবার ক্ষেত্রে এ ধরনের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি নেওয়া বাধ্যতামূলক।
নতুন মীমাংসা চুক্তি অনুযায়ী, টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার দেবে। আরও ১০ কোটি ডলার দিতে হবে পরে।
অবশ্য এই মীমাংসার বিষয়ে টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি কোনো মন্তব্য।
যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড বলেছেন, শিশুদের অনলাইনে নিরাপদ রাখা এবং তাদের ব্যক্তিগত তথ্যের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে আইনি বাধ্যবাধকতা মেনে চলতে নিশ্চিত করাই বিচার বিভাগের অগ্রাধিকার।
মামলা দায়েরের পর টিকটকের মালিকানা, ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স কার্যক্রম ও গোপনীয়তা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে মার্কিন সরকার।
তাদের মতে, দীর্ঘ আইনি লড়াইয়ের অনিশ্চয়তা ছাড়াই এই সমঝোতা পরিবারগুলোর জন্য আরও শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করবে।
টিকটকের যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগের পক্ষ থেকে আদালতে দেওয়া নথিতে বলা হয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য এখন সব ব্যবহারকারীকে জন্মতারিখ দিতে হয়। ১৩ বছরের কম বয়সী শিশুরা ভুল বয়স দিয়ে অ্যাকাউন্ট খুললে তা শনাক্ত করতে উন্নত বয়স যাচাই ব্যবস্থাও চালু করেছে প্রতিষ্ঠানটি।
এ কাজে শত শত কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার অপ্রাপ্তবয়স্কের অ্যাকাউন্ট শনাক্ত করে মুছে দেওয়া হয় বলে আদালতে দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : রয়টার্স





































