দীর্ঘ ৮ বছরের ভালোবাসার সম্পর্ক। দুই সন্তান এবং দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারশিপ— সব পেরিয়ে অবশেষে কাগজে-কলমেও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।
গত শুক্রবার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে খুব সাধারণভাবে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি করেন এই তারকা দম্পতি।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, গোয়ার ‘ইউনিফর্ম সিভিল কোড’-এর অধীনে তাদের এই আইনি বিয়ে সম্পন্ন হয়। কোনো জাঁকজমক বা আড়ম্বর ছাড়াই অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রির কাজ শেষ করেন তারা।
এমনকি নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মাঝে ১৫ দিনের যে অপেক্ষার সময়সীমা থাকে, বিশেষ অনুমতি নিয়ে সেটিও মওকুফ করান এই দম্পতি।
সাবেক স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে বসবাস শুরু করেন অর্জুন রামপাল।
২০১৯ সালে তাদের প্রথম সন্তান অ্যারিক এবং চার বছর পর দ্বিতীয় সন্তান আরিভের জন্ম হয়। দীর্ঘদিন একসাথে থাকলেও গতানুগতিক বিয়ের পিঁড়িতে বসার বিন্দুমাত্র তাড়া ছিল না এই জুটির।
এর আগে এক রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অর্জুন রামপাল খোলামেলাভাবে বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? এক টুকরো কাগজ ছাড়া তো কিছু নয়! আমরা মানসিকভাবে নিজেদের বিবাহিত মনে করি। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু আবার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডও। তবে কোনো কাগজ দিয়ে ভালোবাসা মাপা যায় না। অনেক সময় সেই কাগজ মানুষকে বদলে দেয়, একটা মিথ্যা স্থায়িত্বের অনুভূতি তৈরি করে।’
যদিও অর্জুন সবসময় বলতেন যে তারা মানসিকভাবে ‘বিবাহিত’, তবুও সম্পর্কের প্রায় ৬ বছর পর ২০২৫ সালে এসে আনুষ্ঠানিকভাবে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি।
আর তার ঠিক এক বছর পর, ২০২৬ সালে এসে সেই আস্থার সম্পর্ককে অবশেষে আইনি ও দাপ্তরিক রূপ দিলেন এই জুটি।
অবশেষে মনের বন্ধন কাগজে-কলমেও বাঁধা পড়ায় ভক্ত ও বলিপাড়ার শুভাকাঙ্ক্ষীরা এই নবদম্পতিকে সামাজিক মাধ্যমে ভাসাচ্ছেন শুভেচ্ছা বার্তায়।






































