গরু নিয়ে বিজেপি নেতাকর্মী আর ধর্মান্ধ লোকজনের কাণ্ডকীর্তি বরবারই আলোচিত ভারতে। বিশেষ করে অতিরিক্ত গরুপ্রীতি জন্য উত্তরপ্রদেশ রাজ্য প্রায় সময়ই চলে আসে সংবাদের শিরোনামে। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন রাজ্যের প্রানিসম্পদমন্ত্রী লক্ষ্মীনরায়ণ চৌধুরী। ভারতে এই প্রথম গরুদের জন্য অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে এমন দাবি করে তিনি বলেন, “কল করলেই ২০ মিনিটের মধ্যে হাজির হবে অ্যাম্বুলেন্স। গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসা সম্ভব হবে এর মাধ্যমে।”
৫১৫টি অ্যাম্বুলেন্স নিয়ে এই সেবা শুরু করছে প্রানিসম্পদ মন্ত্রণালয়। পরে এর আরো আধুনিকায়ন করা হবে।
গরুর জন্য অ্যাম্বুলেন্সে পশুচিকিৎসক ও তার দুই সহযোগীও থাকবেন। আগামী ডিসেম্বর থেকে চালু হবে এই অ্যাম্বুলেন্স সেবা। আর লক্ষ্ণৌতে এর জন্য কল সেন্টারও তৈরি করা হচ্ছে।
এর মাধ্যমে গরুর প্রজনন, দুধ বাড়ানোর প্রযুক্তি আর ভ্রুণ ট্রান্সপ্ল্যান্টের মত সুবিধাও দিবে মন্ত্রণালয়। মথুরাসহ আটটি জেলায় এই সেবা চালু হচ্ছে।
সাধারণত গরু দুধ দেয়া বন্ধ করলে কৃষকরা সেগুলোকে ছেড়ে দেন। উত্তরপ্রদেশে বেওয়ারিশ গরুর কারণে অনেক কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হয়ে থাকে। তাই অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে এই সমস্যা দূর হবে বলে আশা করছেন অনেকেই। তবে গরুর মত মানুষও যেন ২০ মিনিটেই অ্যাম্বুলেন্স সেবা পান সেই দাবিও জানান তারা।



































