জনগণকে ভয়াবহ দূষণের হাত থেকে বাঁচাতে ভারতের রাজধানী দিল্লিতে স্কুলকলেজসহ বিভিন্ন অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। দূষণের কারণে বাতাস মান অস্বাস্থ্যকর হয়ে পড়ায় জারি হয়েছে ‘পলিউশন লকডাউন’।
১৮ নভেম্বর পর্যন্ত বাতাসে দূষণের পরিমাণ অপরিবর্তিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, “শিশুদের দূষিত বাতাস থেকে রক্ষায় স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজধানীতে সকল প্রকার নির্মাণ প্রকল্পের কার্যক্রমও চার দিনের জন্য বন্ধ থাকবে।”
এছাড়াও আল-জাজিরার খবরে বলা হয়, সরকারী অফিসগুলো লকডাউন চলাকালীন কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দিয়েছে। প্রতি বছর শীতকালে কলকারখানা, যানবাহন ও কৃষি জমিতে ব্যবহৃত আগুনের ধোঁয়ার কারণে দিল্লির ২ কোটি মানুষ ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়ে।
শনিবার এক জরিপে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থান দখলের পর টনক নড়ে দিল্লি সরকারের। এছাড়াও দূষণ মোকাবেলায় পদক্ষেপ নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
হিন্দুস্তান টাইমস জানায় দূষণ মোকাবেলায় কেজরিওয়ালের গৃহীত পদক্ষেপের মধ্যে এক সপ্তাহের জন্য স্কুল বন্ধ রাখা ছাড়াও গাড়ি চলাচলের ওপরেও বিধিনিষেধ আরোপ রয়েছে।



































