জলবায়ু মোকাবেলায় একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৫:৪৮ পিএম
জলবায়ু মোকাবেলায় একসঙ্গে কাজ করবে চীন-যুক্তরাষ্ট্র

বাণিজ্য আর কূটনীতি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ আর বাগযুদ্ধের পর এই প্রথম কোন খাতে একসঙ্গে কাজ করতে সম্মত হল দুই বিশ্ব পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দুদেশ।

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করা দুই দেশ এবারে যৌথভাবে কার্বন নিঃসরণ কমাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবিসি জানায়, স্থানীয় সময় বুধাবার (১০ নভেম্বর) কপ-২৬ সম্মেলনে আচমকা এই ঘোষণা আসে।

২০১৫ সালের স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রায় সীমাবদ্ধ রাখার লক্ষ্যে কাজ করতে একমত হয়েছে উভয় পক্ষ। লক্ষ্য অর্জনের জন্য পরস্পরের প্রতি সম্পর্কের ব্যবধান কমিয়ে আনতে আহ্বান জানিয়েছে তারা।

চীন-যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী আন্দোলনকর্মী ও রাজনীতিবিদরা। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘোষণাকে জরুরি ও উৎসহজনক পদক্ষেপ হিসেবে দেখছে।

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ বিষয়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বুধবার যৌথ ঘোষণায় মিথেন নির্গমন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়নোসহ বিভিন্ন বিষয়ে একমত হয়েছেনন তারা।

যদিও পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলছে, দুদেশের আরও বেশি প্রতিশ্রুতি দেয়া উচিত ছিল। 

Link copied!