মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে দুবাইয়ে আটকা পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সহঅভিনেত্রী— শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা এবং পরবর্তী পাল্টাপাল্টি আক্রমণের ফলে ওই অঞ্চলে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ছেলে ইউভানকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। স্কুল ছুটি থাকায় ছেলের আবদারেই এই সফর। তবে সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে তিনি দুবাইয়ের পাম জুমেইরায় অবস্থান করছেন। স্থানীয়ভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং সরকারের পক্ষ থেকে বাসার বাইরে না বের হওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী গণমাধ্যমকে জানান, তারা নিরাপদ স্থানে রয়েছেন। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। যদিও দুশ্চিন্তা রয়েছে, তবুও তারা আতঙ্কিত নন। আপাতত কোনো সরকারি সহায়তা চাওয়া হয়নি বলেও জানান তিনি।
অন্যদিকে, ফ্লাইট বাতিল হওয়ায় দেশে ফিরতে অনিশ্চয়তায় পড়েছেন সোনাল চৌহান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। জানা গেছে, নিরাপদে দেশে ফেরার জন্য ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, শুভশ্রী গাঙ্গুলি শাকিব খানের সঙ্গে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছেন। আর সোনাল চৌহান তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘দরদ’ চলচ্চিত্রে।






























