রোববার (৭ নভেম্বর) হুট করেই টুইট করে ভক্তদের কাছে শেয়ার বিক্রি করার ব্যাপারে পরামর্শ চান বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তিবিদ ইলন মাস্ক। সমীক্ষায় প্রায় ৫৮ শতাংশ মানুষই টেসলার শেয়ার বিক্রির পক্ষে ভোট দেন।
সেই কথামত ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার নয় লাখ শেয়ার বিক্রি করে দিয়েছেন তিনি। টুইটারে জানিয়েছিলেন কোম্পানির ১০ শতাংশ শেয়ার বিক্রির কথা। যদিও বিবিসি বলছে, টুইট করার আগেই শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন মাস্ক।
তবে রোববারের টুইটের পর সোমবার টেসলার শেয়ারের দাম পড়ে যায়। কম দামেই শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি। যদিও মাস্কের হাতে এখনও টেসলার ১৭ কোটি শেয়ার আছে।
এছাড়াও টুইটের রিপ্লাইতে মাস্ক বলেন, “আমি কোন প্রতিষ্ঠান থেকেই নগদ অর্থ বা বোনাসের টাকা নেই না। আমার কাছে শুধু শেয়ার আছে। তাই ব্যক্তিগতভাবে কর দিতে হলে আমাকে শেয়ার বিক্রি করতেই হতো।”
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২৮২ বিলিয়ান ডলার। তবে এর অধিকাংশই টেসলার শেয়ার।



































