বিদেশ ভ্রমণে কোন টিকা নেবেন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:০০ পিএম
বিদেশ ভ্রমণে কোন টিকা নেবেন?

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। এরপরই বিশ্বজুড়ে একে একে স্কুল-কলেজ, কর্মস্থান, বিনোদন কেন্দ্রগুলোও খুলে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে খুলে গেছে পর্যটনের স্থানগুলো। বিশ্বের বিভিন্ন দেশ এখন স্বল্প পরিসরে পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে এর জন্য শর্ত দেওয়া হচ্ছে, পর্যটকদের অবশ্যই করোনা টিকা দুই ডোজ গ্রহণ করতে হবে।

পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে প্রায় ৭৪ শতাংশ আন্তর্জাতিক ভ্রমণ হ্রাস পেয়েছে। চলতি বছরও পর্যটনশিল্প ঘুরে দাঁড়াতে পারেনি। তবে এই বিপর্যয় কাটিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যেই টিকার বিচার করে পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে। যদিও সব টিকা সব দেশের অনুমোদন পায়নি। দেশ ভ্রমণে নির্দিষ্ট করোনা টিকা নেওয়ার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিশ্বের দেশগুলো। বিভিন্ন পর্যটন সংস্থা এর তালিকাও তৈরি করেছে।

বেসরকারি সংস্থা ‘ভিসাগাইড ডট ওয়ার্ল্ড’ এক সমীক্ষায় জানিয়েছেন, বিশ্বের প্রায় ১২০টি দেশ  অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহীতাদের প্রবেশের অনুমতি দিচ্ছে। এই টিকার দুই ডোজ নিলে পর্যটক এই ১২০টি দেশ ঘুরে বেড়াতে পারবেন। তবে ভারতের সেরাম প্রতিষ্ঠানের তৈরি অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড গ্রহণযোগ্যতা পেয়েছে মাত্র ৪০টি দেশে।

ভ্রমণ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইজারের টিকাগ্রহণকারীরা। ফাইজারের টিকা দিয়ে ইউরোপ ভ্রমণের সুযোগও পাওয়া যাবে।

তালিকার তৃতীয় অবস্থানে স্পুটনিক ভি টিকা রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে চীনের সিনোফার্ম। এরপরই পঞ্চম স্থানে রয়েছে মডার্নার গ্রহণযোগ্যতা।

এরপর তালিকায় জনসন অ্যান্ড জনসন, কোভিশিল্ড, সিনোভ্যাক, কোভ্যাক্সিন, ক্যানসিনোবায়োর টিকার নাম রয়েছে। তবে এসব টিকাগ্রহীতারা অধিকাংশ দেশেই প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

বিদেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে টিকা নেওয়ার আগে নির্বাচন করে নিন। যে দেশে ভ্রমণে যাবেন, সেই দেশের অনুমোদিত বা গ্রহণযোগ্য টিকা নিয়ে রাখুন।

Link copied!