টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জোর গুঞ্জন। এবার নাকি তার দীর্ঘদিনের সিঙ্গেল স্ট্যাটাস ঘুচতে চলেছে।
চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে।
হিন্দুস্তান টাইমস বাংলার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিমির হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি রূপালি পর্দার কেউ নন। পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তবে সম্পর্কের বিষয়টি এতদিন আড়ালেই রেখেছিলেন মিমি।
কলকাতার কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়েকে ঘিরে দুই পরিবারে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজও চলছে বলে জানা গেছে। তবে বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি মিমি কিংবা তার কথিত হবু বর সিদ্ধার্থ।
মিমির বিয়ে নিয়ে অবশ্য এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বেশ সতর্ক এই অভিনেত্রী। ক্যারিয়ারকেই দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর কেটে গেছে প্রায় এক দশক। এরপর বিভিন্ন সময়ে মিমির প্রেম ও সম্পর্ক নিয়ে নানা আলোচনা হলেও কোনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি তিনি।
এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির এম্পারার ভার্সেস শরৎচন্দ্রসহ বেশ কয়েকটি নতুন সিনেমা রয়েছে তার হাতে। অভিনয়ের ব্যস্ততার মধ্যেই এবার বিয়ের গুঞ্জন সামনে আসায় ভক্তদের কৌতূহলও তুঙ্গে।
সূত্র : হিন্দুস্তান টাইমস






























