২০ বছর পর একসঙ্গে রানি-অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৪০ এএম
২০ বছর পর একসঙ্গে রানি-অভিষেক

বলিউড বাদশা শাহরুখ খানের আসন্ন মেগা প্রজেক্ট ‘কিং’ নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এমনিতেই তুঙ্গে। তবে এবার সেই উত্তেজনায় ঘৃতাহুতি দিল সিনেমাটির সেট থেকে সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একটি ছবি।

যেখানে একসঙ্গে দেখা গেছে এক সময়ের জনপ্রিয় অনস্ক্রিন জুটি অভিষেক বচ্চন ও রানি মুখার্জিকে।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগা চুনরি মে দাগ’ সিনেমার দীর্ঘ ২০ বছর পর আবার বড় পর্দায় এক হতে যাচ্ছেন রানি ও অভিষেক। ফলে স্বাভাবিকভাবেই তাদের এক ফ্রেমে দেখার পর ভক্তদের আনন্দের সীমা নেই।

তবে ছবিটি সত্যিই শুটিং সেটের নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ দিয়ে তৈরি— তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়তেই শুরু হয় লাইক ও কমেন্টের বন্যা। এক নেটিজেন অবিশ্বাস্য কণ্ঠে লিখেছেন, ‘এটা কি সত্যি নাকি এআই দিয়ে তৈরি?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ভাইরে ভাই, কেউ অন্তত বলো এটা যেন এআই না হয়, বাস্তবের ছবি হয়।’

আবার কেউ কেউ রানির লুক দেখে স্মৃতিকাতর হয়ে লিখেছেন, ‘একেবারে কাভি আলবিদা না কেহনা সিনেমার রানির লুকের কথা মনে পড়ে গেল’। অন্যদিকে এত তারকার সমাগম দেখে এক নেটিজেন শঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘এত এত বড় বড় শিল্পী একসঙ্গে কাজ করছেন। আশা করি সিনেমাটি দুর্দান্ত হবে, হুলুস্থুল খিচুড়ি যেন না হয়ে যায়।’

গত বছর শাহরুখ খানের জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কিং’ সিনেমার একটি ধামাকাদার টাইটেল ভিডিও প্রকাশ করেছিলেন। ‘পাঠান’-এর পর এটি এই পরিচালক-অভিনেতা জুটির দ্বিতীয় সিনেমা।

টিজারে শাহরুখকে এক নতুন লুকে এবং ‘কিং অব হার্টস’ কার্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেখা গিয়েছিল। আর সঙ্গে সেই সংলাপ— ‘একশ দেশে দুর্নাম রয়েছে যার, বিশ্ব তাকে নাম দিয়েছে একটাই— কিং’।

সুপারস্টার শাহরুখ খানের পাশাপাশি এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে।

এ ছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়াল।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!