বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আর ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া— দুজনকে একসঙ্গে দেখা যাওয়া মাত্রই নেটপাড়ায় শুরু হয়েছিল নতুন জল্পনা। তাদেরকে একত্রে দেখে নেটিজেনরা বলছিলেন প্রেম করছেন তারা।
ঘটনার সূত্রপাত মুম্বাইয়ের অভিজাত তাজমহল প্যালেস হোটেলে। সম্প্রতি সেখানে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় আমিশা প্যাটেল ও হার্দিক পান্ডিয়াকে। অনুষ্ঠানে বেশ খোশমেজাজে নিজের বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিচ্ছিলেন আমিশা। কথাপ্রসঙ্গেই একসময় সাবলীলভাবে হার্দিকের কাঁধে হাত রাখেন তিনি।
ব্যাস, এতটুকু দেখেই সামাজিকমাধ্যমে শুরু হয়ে যায় গুঞ্জন। এক্স-এর এক ব্যবহারকারী সেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বেঙ্গালুরুর হোটেলে যেভাবে আমিশা হার্দিকের কাঁধে হাত রাখলেন, তাতে তো মনে হচ্ছে রেডিটের সব প্রেমের গুঞ্জন সত্যি হতে চলেছে’।
ভিডিওটি আর সেই উসকানিমূলক পোস্টটি আমিশার চোখ এড়ায়নি। বিষয়টি চুপচাপ হজম না করে তিনি সোজাসুজি পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরেন।
তীব্র কটাক্ষ আর ব্যঙ্গ মিশিয়ে আমিশা লেখেন, ‘আহা, একদম সত্যি কথা। ও মাই গড, আপনি তো একদম ঠিক ধরেছেন... তার কাঁধে হাত রাখার দৃশ্যটা কতই না রোমান্টিক ছিল।’
এরপরই সেই নেটিজেনকে আসল ধোলাইটা দেন ‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী। বন্ধুদের সাধারণ এক স্পর্শকে কেন অনর্থক ভালোবাসার রঙ দেওয়া হচ্ছে— সেই প্রশ্ন তুলে আমিশা লেখেন, ‘আপনাকে আমি চিনি না, তবে আমার নিশ্চিত ধারণা আপনার একটা মেয়েবন্ধুও নেই! ভাইরে, ভবিষ্যতে এমন খামখেয়ালি পোস্ট করার আগে অন্তত একটা মেয়েকে বন্ধু বানিয়ে নিন, যাতে বন্ধুত্বের রসায়নটা অন্তত বোঝেন’।
আমিশার এই মোক্ষম জবাবে ওই পোস্টকারীর তো মুখ বন্ধ হয়েছেই, সঙ্গে নেটিজেনরাও আমিশার এমন সোজা-সাপ্টা উত্তরের প্রশংসায় পঞ্চমুখ।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে আমিশার প্রেমের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। হার্দিক বর্তমানে মডেল মহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন, যার আনুষ্ঠানিক ঘোষণা তিনি ২০২৫ সালেই নিজের ইনস্টাগ্রামে দিয়েছিলেন। এর আগে তিনি অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।


































