বলিউড বাদশাহ শাহরুখ খান তার নিজের প্রতিভার সঠিক বিচার করেননি বলে মনে করেন অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর। সাম্প্রতিক সময়ে শাহরুখের সিনেমাগুলো ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় এমন মন্তব্য করেছেন মহেশ।
প্রায় আড়াই বছর আগে শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রত্যাশা আকাশচুম্বী থাকলেও বক্স অফিসে ছবি ব্যর্থতার তকমা লাগায়। এরপর তাকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। ক্যারিয়ারের নড়বড়ে অবস্থার মধ্যে গেল মাসে তার বড় ছেলে আরিয়ান মাদকা-কাণ্ডে গ্রেপ্তার হওয়ায় সমালোচনার মুখে পড়েন শাহরুখ।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, “আমি মনে করি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেননি শাহরুখ। আজকের দিনে শাহরুখ এমন সব ছবি করছে যা রণবীর কাপুর, রণবীর সিং করছেন। তাহলে দর্শকের কাছে শাহরুখ খান কোথায়? দর্শক এমন কোনো চরিত্রে শাহরুখকে দেখতে চায়, যা শুধুমাত্র শাহরুখেরই। ও অসাধারণ অভিনেতা। আমার মনে হয় ওর আউট অফ দ্য বক্স কিছু করা উচিত। আমি নিশ্চিত ও ভালো করবে।”
মহেশ মনে করেন, নিজেকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছেন শাহরুখ। ফর্মুলার বাইরে বেরোতে চাইছেন না। সে কারণেই হয়তো সাফল্য আসছে না। ইন্ডাস্ট্রিতে শাহরুখের মতো দক্ষ অভিনেতা খুব কম আছেন। কিন্তু নিজের কিছু ভুল সিদ্ধান্তের জন্য গত কয়েক বছরে সাফল্য অধরা থাকছে।
এদিকে যশ রাজ ফিল্মসের প্রযোজনায় দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। এটাই তার কামব্যাক ছবি বলে মনে করছেন দর্শক। সে ছবি কবে মুক্তি পাবে, তা অবশ্য এখনও জানাননি নির্মাতারা।






































