দেশে তানজিয়া জামান মিথিলার তেমন কোনো পরিচিতি নেই। একটু আধটু যা চেনে তাকে সেটা হলো, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার মাধ্যমে। তবে নিজ দেশের অপরিচিত অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডে। রোহিঙ্গাদের নিয়ে নির্মিত একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন হায়দার খান।
মিথিলাকে নিয়েই মূলত ছবির কাহিনি আবর্তিত হয়েছে। আরাকান ও হিন্দি দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাকে। হিন্দি ভাষায় পারদর্শী থাকায় শুটিংয়ের সময় তা কাজে দিয়েছে। তবে শুটিং সেটে একজন অনুবাদকও রাখা হয়েছিল।
এদিকে ছবিতে অভিনয় করে পরিচালকের প্রশংসা অর্জন করে নিয়েছেন মিথিলা। হায়দার খান ভারতীয় গণমাধ্যমকে বলেন, “মিথিলাকে এই চরিত্রটির জন্য নির্বাচন করার সিদ্ধান্তটি একটু কঠিন ছিল। কিন্তু রোহিঙ্গা মেয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।”
অন্যদিকে কাজের অভিজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, “এ সিনেমার কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। সুতরাং এই কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে ভালো। এই সিনেমায় কাজ করার পরই মূলত অভিনয় করার সিদ্ধান্ত নিই।”
গেল ২৩ আগস্ট ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি বলে জানালেন মিথিলা। তিনি জানান, ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।
‘রোহিঙ্গা’ সিনেমার পরিচালক হায়দার খান বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।







































