কদিন পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এ সময়ে এসে নতুন বিতর্কে জড়ালেন টালিউড নায়ক ও বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন আরেক অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম।
অভিযোগপত্রে শাহিদ উল্লেখ করেছেন, ছবির প্রযোজনার কাজে বিনিয়োগের জন্য তিনি সোহম চক্রবর্তী ও অর্ঘ্য চট্টোপাধ্যায়ের হাতে অর্থ তুলে দেন। পরবর্তী সময়ে একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দী থাকেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর একাধিকবার বকেয়া অর্থ ফেরতের অনুরোধ জানালেও ৪৩ লাখ রুপির বেশি এখনো পাওনা রয়েছে বলে তাঁর দাবি। সুদসমেত টাকা ফেরত চাইলে সোহম চক্রবর্তী টাকা দিতে অস্বীকার করেন বলে দাবি করেন তিনি।
চড়কাণ্ডে ক্ষমাপ্রার্থী সোহম বললেন, ‘ছোটখাটো বিষয় পুলিশ দেখছে’
শাহিদের অভিযোগ, টাকা ফেরত চাওয়ার পর তাঁকে হুমকির মুখেও পড়তে হয়েছে। এমনকি সোহম চক্রবর্তীর এক সহকারীর বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। প্রথম দিকে থানায় অভিযোগ জানাতে গেলে তা গুরুত্ব পায়নি বলেও দাবি করেছেন তিনি। পরে আদালতে আবেদন করার পর সংশ্লিষ্ট থানা থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানান তিনি।
অন্যদিকে ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম চক্রবর্তী। অভিনেতা বলেন, ‘২০২১ সালে “পাকা দেখা” ছবির জন্য ৬৮ লাখ রুপি ঋণ নিয়েছিলাম শাহিদের থেকে। তাঁর আরও বেশি টাকা দেওয়ার কথা ছিল। পরে সেটা দেননি। তখন অন্যদের থেকে বাকি টাকা জোগাড় করি। এরপর ২৫ লাখ রুপি ফেরত দিই। বাকি টাকাও মিটিয়ে দেব, বারবার বলেছি শাহিদকে। আমার কয়েকটি ছবি আটকে। বাংলা ছবির ব্যবসার অবস্থাও সবার জানা।






































