জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০১:২৭ পিএম
জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’

জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনে প্রদর্শিত হলো ‘নোনা জলের কাব্য’। সোমবার (৮ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের অফিশিয়াল গ্রিন জোন হিসেবে আখ্যায়িত গ্লাসগো সায়েন্স সেন্টারের আইম্যাক্স থিয়েটারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের ২৬তম আসরে অংশ নিতে এর আগেই যোগ দিয়েছেন ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এত বড় পরিসরে চলচ্চিত্রটি দেখাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। 

এই সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন। এর আগে একই শহরে জাতিসংঘের COY16 সম্মেলনে ২৯ অক্টোবর দেখানো হয় ‘নোনা জলের কাব্য’।

নির্মাতা জানান, দেশের সমুদ্র উপকূলবর্তী প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়। 

‘নোনা জলের কাব্য’-তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। ২৬ নভেম্বর চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। পরিবেশনা করছে স্টার সিনেপ্লেক্স।   

‘নোনা জলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। জিরার্দ এর আগে ‘মার্চ অব দ্য পেঙ্গুইন‘, ‘গুডবাই বাফানা’, ‘ফাইনাল পোর্ট্রেট‘-এর মতো বিখ্যাত কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন। 

Link copied!