নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে হামলার ঘটনায় চৌমুহনীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শুক্রবার (১৫ অক্টোবর) রাতে প্রশাসন থেকে এই নির্দেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৬ অক্টোবর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহানী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এর আগে বিকেলে চৌমুহনীর বিভিন্ন পূজামণ্ডপে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।
চৌমুহনীর বিভিন্ন এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়ে জানানো হচ্ছে।
এদিকে চৌমুহানীর বিজয়া পূজা মণ্ডপে দুর্বৃত্তদের হামলার সময় যতন সাহা (৪২) নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। নিহত যতন সাহার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গোবিন্দপুর গ্রামে।
এছাড়াও হামলায় জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, বেগমগঞ্জ মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার, কনেস্টেবল শাহাদাত হোসেন, কামরুল হাসান, রাকেশ দেবনাথসহ ১০ জন আহত হয়েছেন।






































